১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় সংবাদ সংগ্রহে সময় টিভির সাংবাদিকদের ওপর হামলা

পর্যটন সংবাদ ডেস্ক: ভোলার দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরাপারসন উৎপল দেবনাথ হামলার শিকার হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত দুই সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হামলাকারীরা তাদের ক্যামেরা ও বুম ভাঙচুর করে এবং প্রায় ২৫ মিনিট অবরুদ্ধ করে রাখে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, তারা এলাকায় অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে দৌলতখান উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রাসেলের নেতৃত্বে ১৫-২০ জন নেতা–কর্মী হামলা চালায়। এ সময় মারধরের পাশাপাশি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, তিনি এলাকায় নেই, তবে ফোনে বিষয়টি জেনেছেন। অভিযুক্তের ব্যাপারে সাংগঠনিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযুক্ত কাজী রাসেলের মন্তব্য পাওয়া যায়নি।

দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, সাংবাদিক নাসির উদ্দিন লিটন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read Previous

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের জন্য দল ঘোষণা, ফিরলেন সোহান

Read Next

দাউদকান্দিতে ডিবি পরিচয়ে টাকা লুট: মূলহোতা সোলাইমান গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular