পর্যটন সংবাদ ডেস্ক: সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিন দিনে ঢাকাসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে জারি করা সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টি হতে পারে।
বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে। ফলে এসব অঞ্চলে ভ্রমণে আগ্রহী পর্যটকদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টিতে সড়ক ও জলপথের যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চল বর্ষার সৌন্দর্য উপভোগের জন্য জনপ্রিয় হলেও এই সময়ে পাহাড়ি ও উপকূলীয় এলাকায় ভ্রমণে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



