১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় উড়োজাহাজের নিষেধাজ্ঞা আরও এক মাস

পর্যটন সংবাদ ডেস্ক: ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ)-এর সর্বশেষ নোটিশ অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এই নির্দেশনায় বলা হয়েছে, ভারতের মালিকানাধীন বা লিজকৃত সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ ও এয়ারক্রাফট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এর ফলে যাত্রীবাহী বাণিজ্যিক বিমান থেকে শুরু করে মালবাহী ফ্লাইটও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

পটভূমি

গত ২৪ এপ্রিল পাকিস্তান প্রথমবার ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এর আগে ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের অনন্তনাগে জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হলে ভারত পাল্টা পদক্ষেপ হিসেবে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করে। এর জবাবেই পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

দুই দেশের পাল্টাপাল্টি সিদ্ধান্ত

পাকিস্তান যেমন ভারতের বিমান প্রবেশ বন্ধ করেছে, ভারতও ৩০ এপ্রিল থেকে পাকিস্তানের মালিকানাধীন বা সংশ্লিষ্ট উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা নিষিদ্ধ করেছে।

প্রভাব

নিষেধাজ্ঞার কারণে ভারতের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটরুট দীর্ঘ হয়ে গেছে। ফলে বাড়তি সময় ও খরচের মুখে পড়েছে এয়ারলাইনসগুলো, যাত্রীদেরও নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

পর্যটন খাতে এর প্রভাব সরাসরি পড়ছে। দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ বা আমেরিকা গমনকারী যাত্রীদের যাত্রাপথ জটিল হয়ে উঠছে। বিশেষ করে পর্যটক ও ব্যবসায়ীরা এই দীর্ঘ রুট ও বাড়তি ভ্রমণ ব্যয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনো অনিশ্চিত। দুই দেশের কূটনৈতিক উত্তেজনা প্রশমিত না হলে শিগগিরই সমাধান আসবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read Previous

চার দিনের সরকারি সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

Read Next

ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা, পর্যটকদের সতর্ক থাকার আহ্বান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular