১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক, উড়োজাহাজে তল্লাশি ও ফ্লাইট স্থগিত

বাংলাদেশ বিমান

ফাইল ছবি: বাংলাদেশ বিমান

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম উদ্বেগ দেখা দিয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজি-৩৭৩ নম্বর ফ্লাইটটির। ঠিক তখনই একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, ফ্লাইটটিতে বোমা রয়েছে।

ফ্লাইটের বৈমানিক ক্যাপ্টেন আবদুর রহমান ও তার টিম যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হুমকির খবরটি আসে। তাৎক্ষণিকভাবে নিরাপত্তার সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে যাত্রীদের উড়োজাহাজ থেকে সরিয়ে আনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, “বিমানে বোমা থাকার হুমকির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সবাইকে উড়োজাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

পরবর্তীতে বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম শুরু করে। হুমকির খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, “বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বর্তমানে যৌথভাবে কাজ করছে। তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ফ্লাইটটি স্থগিত রাখা হয়েছে।”

এটি একটি আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা। কারা এই হুমকির সঙ্গে জড়িত এবং এর পেছনে উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার ফলে কাঠমান্ডুগামী যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় কিছুটা ব্যাঘাত ঘটলেও, তাদের নিরাপত্তা নিশ্চিত করাকেই গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ।

Read Previous

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে, রিমান্ড শুনানি পরে

Read Next

সায়মা ওয়াজেদ পুতুল ডব্লিউএইচওর দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের ছুটিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular