
পর্যটন সংবাদ ডেস্ক: টানা বর্ষণে পাহাড় ধস ও বন্যার আশঙ্কায় চরম ঝুঁকির মুখে পড়েছে দেশের জনপ্রিয় পাহাড়ি পর্যটন জেলা বান্দরবান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে এবং স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ পর্যন্ত ২২০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ি এলাকা হওয়ায় অতিরিক্ত বৃষ্টিপাতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে। একইসঙ্গে জেলার বিভিন্ন সড়কে পাহাড়ের মাটি ধসে পড়ায় যান চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
জেলাপ্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ মনিটরিং সেল চালু করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
নিম্নাঞ্চলে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মতে, প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি থাকলেও টানা বর্ষণের ফলে যেকোনো সময় বড় ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে।
পর্যটন সংশ্লিষ্টরা পর্যটকদের উদ্দেশে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বান্দরবানে ভ্রমণের পরিকল্পনা করলে অবশ্যই আবহাওয়ার আপডেট ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা উচিত।
পর্যটকদের প্রতি বিশেষ অনুরোধ:
পাহাড়ি এলাকায় ভ্রমণ এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ। তাই প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে প্রয়োজন ছাড়া পাহাড়ি পথে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পর্যটন সংবাদ, বান্দরবান



