
পর্যটন সংবাদ ডেস্ক: টাঙ্গাইল শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পাল্টাপাল্টি কর্মকাণ্ডকে কেন্দ্র করে।
শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল সদর থানার পাশে অবস্থিত জাতীয় পার্টির অফিসে ভাঙচুর চালায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। জানা যায়, ঢাকায় সংগঠনটির সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিরালা মোড় অতিক্রম করার পর পার্টি অফিসে গিয়ে ভাঙচুর শুরু হয়। এ সময় চেয়ারসহ ভেতরের বেশ কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবাদকারীরা আশেকপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। দুপুর সোয়া ১টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
এ ঘটনায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানসহ একাধিক নেতা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, ঢাকায় নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে জাতীয় পার্টির লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।



