
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর উত্তরায় জিপ এক্সপেরিয়েন্স সেন্টারে শনিবার (৯ আগস্ট) এক অনন্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো জিপ বাংলাদেশের প্রধান নির্বাহী প্রতিষ্ঠানের সর্বশেষ সাফল্য। আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান জিপ বাংলাদেশ–টলেডো মোটরস লিমিটেডের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হোসেন খালেদ সম্প্রতি সিটি ব্যাংক পিএলসি-র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর মিলনমেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আনোয়ার গ্রুপের পরিচালকবৃন্দ, জিপ কমিউনিটির সদস্য, দেশি-বিদেশি অটোমোবাইলপ্রেমী এবং হোসেন খালেদের পরিবারের সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হোসেন খালেদ প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক বছরগুলোর সফলতার চিত্র তুলে ধরে নতুন চেয়ারম্যানের নেতৃত্বে আরও উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে অতিথিরা উপভোগ করেন এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যা সাফল্যের উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।



