
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে মঙ্গলবার (১২ আগস্ট), যেখানে দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক, একাধিক সমঝোতা স্মারক (MoU) ও নোট বিনিময় (Exchange Notes) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্ভাব্য পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাতে এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ এবং অবকাঠামো উন্নয়ন, দুই দেশের নীতি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও প্রযুক্তি প্রতিষ্ঠান মিমোসের মধ্যে চুক্তি এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী সংগঠনের মধ্যে সহযোগিতা। এছাড়া তিনটি এক্সচেঞ্জ নোটের মধ্যে থাকছে হালাল ইকোসিস্টেম উন্নয়ন, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাতের উন্নয়ন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ইউনূস ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত সম্পর্ক দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানো এবং আসিয়ান জোটে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার সকালে পুত্রজায়ায় দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক সই অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে। বিকেলে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং রাতে মন্ত্রী, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও আমলাদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন।
বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এ উপলক্ষে আয়োজিত সমাবর্তনে বক্তৃতা দেবেন তিনি।
সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র, জ্বালানি, প্রবাসী কল্যাণ, জাতীয় নিরাপত্তা ও বিনিয়োগ খাতের শীর্ষ উপদেষ্টারা, যা এই সফরের কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।



