
পর্যটন সংবাদ ডেস্ক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ রোববার (১০ আগস্ট) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে।
টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজধানী ঢাকায় মোট ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। এই কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ছাড়া)।
এছাড়া চট্টগ্রাম মহানগরে ২৫টি, গাজীপুর মহানগরে ৬টি, কুমিল্লা মহানগরে ৩টি ট্রাক থাকবে। জেলা পর্যায়ে ঢাকা জেলায় ৮টি, কুমিল্লায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালীতে ৫টি ও বাগেরহাটে ৫টি ট্রাকের মাধ্যমে ৩১ আগস্ট পর্যন্ত (শুক্রবার ছাড়া) পণ্য বিক্রি হবে।
প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৫০০ জন সাধারণ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারবেন।
পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে—
- ২ লিটার ভোজ্য তেল: ২৩০ টাকা
- ১ কেজি চিনি: ৮০ টাকা
- ২ কেজি মসুর ডাল: ১৪০ টাকা
টিসিবির এই উদ্যোগের ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বাজারে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে।



