জাতিসংঘে তীব্র সমালোচনার মুখে ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা

পর্যটন সংবাদ ডেস্ক: ইসরায়েলের গাজা উপত্যকা দখল পরিকল্পনার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একাধিক দেশের তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ পেয়েছে। রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত জরুরি বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া পরিকল্পনাটি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানায়। তারা সতর্ক করে বলেন, এ পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে এবং জিম্মিদের জীবনকে আরও বিপদে ফেলবে।

চীন গাজার মানুষের ওপর ‘সমষ্টিগত শাস্তি’কে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে, আর রাশিয়া সংঘাত আরও বাড়ানোর বিরুদ্ধে সতর্কবার্তা দেয়। জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনচা বলেন, এ পরিকল্পনা কার্যকর হলে গাজায় নতুন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে, যা পুরো অঞ্চলে অস্থিরতা ছড়াবে। জাতিসংঘের মানবিক কার্যালয়ের রমেশ রাজাসিংহাম জানান, গাজায় ক্ষুধা এখন ‘সরাসরি অনাহারে’ রূপ নিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া বলেন, যুদ্ধ শেষ করতে ও জিম্মিদের মুক্তির জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই বৈঠক সেই প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

এসময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, পরিকল্পিত অভিযান দ্রুত শেষ হবে এবং গাজাকে হামাসের হাত থেকে মুক্ত করবে। তিনি অভিযোগ করেন, হামাস জিম্মিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখছে এবং গাজার শিশুদের ছবি ব্যবহার করে ‘প্রচারযুদ্ধ’ চালাচ্ছে।

ইসরায়েলের অভ্যন্তরেও এই পরিকল্পনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হয়েছে। হাজারো মানুষ রাস্তায় নেমে আশঙ্কা প্রকাশ করেছেন যে, এ পদক্ষেপ জিম্মিদের জীবনকে আরও ঝুঁকিতে ফেলতে পারে।

Read Previous

শাহেনশাহ গুহা: কিংবদন্তির ৪০০ বছর, অবহেলায় হারাচ্ছে পর্যটন আকর্ষণ

Read Next

চট্টগ্রামগামী বিমানের যান্ত্রিক ত্রুটি, ২০ মিনিট উড়ে ঢাকায় ফিরে এলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular