
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের মাত্র ২০ মিনিট পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
বিমান সূত্রে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৫ মিনিটে চট্টগ্রামগামী বিজি ৬১৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ড্যাশ-৮ মডেলের (এসটুএকেই) উড়োজাহাজটি দুপুর ২টা ৩৪ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের পরপরই কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বৈমানিক নিরাপত্তার স্বার্থে বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। ২টা ৫৫ মিনিটে ফ্লাইটটি পুনরায় ঢাকায় অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এসেছে। যাত্রীদের সুবিধার্থে পরবর্তী ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে গতকাল রোববার (১০ আগস্ট) ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৫৬ ফ্লাইটও যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়। উড্ডয়নের জন্য প্রস্তুত থাকা উড়োজাহাজটি বর্তমানে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দরে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে।



