
পর্যটন সংবাদ ডেস্ক: মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ বলেছেন, রাখাইনকে স্থিতিশীল করা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরির জন্য জাতিসংঘ মহাসচিবের মানবিক চ্যানেল খোলার উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাতে অ্যান্ড্রুজ রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে সবসময় গুরুত্ব দিয়ে তোলার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যা প্রধান উপদেষ্টার উদ্যোগে আয়োজিত হচ্ছে।
অ্যান্ড্রুজ বলেন, “রোহিঙ্গাদের জন্য আতিথেয়তা ও সমর্থন দেওয়ার কারণে বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আমরা আপনাদের প্রতিও কৃতজ্ঞ।”
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘের আসন্ন সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি অ্যান্ড্রুজকে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে অব্যাহতভাবে কাজ করার আহ্বান জানান।
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সক্রিয় সম্পৃক্ততার প্রশংসা করে টম অ্যান্ড্রুজ আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট অংশীদারদের ধারাবাহিক প্রচেষ্টায় দ্রুত ও টেকসই সমাধান পাওয়া সম্ভব হবে। একইসঙ্গে বাংলাদেশকে এই ইস্যুতে নেতৃত্ব ধরে রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপে যোগ দিতে টম অ্যান্ড্রুজ বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।



