
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: চাকরি পুনর্বহালের দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) দিনভর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কয়েকজন সাবেক কর্মচারী। তবে রাতে এক লিখিত বিবৃতিতে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতেই এসব কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ট্রাফিক, নিরাপত্তা ও কার্গো বিভাগসহ বিভিন্ন ইউনিটে কর্মরত অস্থায়ী কর্মচারীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি, মালামাল চুরি, বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকা, মানবপাচার ও স্বর্ণ চোরাচালানসহ নানা গুরুতর অভিযোগ পাওয়া যায়। তদন্তে অভিযোগের সত্যতা মেলার পর বিধি মোতাবেক তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিমান কর্তৃপক্ষের দাবি, সোমবার অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অধিকাংশ কর্মচারীর বিরুদ্ধেই এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রতিষ্ঠানটির সুনাম রক্ষার স্বার্থে তাদের পুনর্বহালের কোনো সুযোগ নেই।
তবে বোসরা ইসলাম জানান, বৈষম্যের অভিযোগ ও ন্যায়বিচার নিশ্চিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি কমিটি গঠন করেছে। চাকরিচ্যুত কর্মচারীরা ইতোমধ্যে আবেদন দাখিল করেছেন। কিছু আবেদন নিষ্পত্তি হয়েছে, বাকিগুলোও দ্রুত নিষ্পত্তি হবে।
তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী হয়রানি, চুরি, মানবপাচার ও চোরাচালানের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি মেনে চলে। চাকরিচ্যুতরা যেন কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেন এবং বিমানের কার্যক্রমে বাধা সৃষ্টি না করেন—সে আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।



