
পর্যটন সংবাদ ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশে প্রথমবারের মতো সরাসরি পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ শুরু করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির প্রধান স্থাপনা থেকে বিমানবন্দর পর্যন্ত জেট এ-১ পাইপলাইন উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
৫ দশমিক ৭৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক ড. এ কে এম আজাদুর রহমান এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।
এ প্রকল্পের আগে গুপ্তখালের এমআই ডিপো থেকে ট্যাংকলরির মাধ্যমে ৮ কিলোমিটার দূরে বিমানবন্দরে জ্বালানি সরবরাহ করা হতো। দৈনিক চাহিদা ২ লাখ ২৫ হাজার লিটার হওয়ায় বছরে প্রায় ৮ কোটি টাকা ব্যয় হতো পরিবহনে। নতুন পাইপলাইন প্রকল্পে ব্যয় হয়েছে ১৭০ কোটি টাকা।
৮ ইঞ্চি ব্যাসের এই আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে ঘণ্টায় ১৪০ ঘনমিটার জ্বালানি পরিবহন সম্ভব হচ্ছে। এতে রয়েছে অভ্যন্তরীণ ইপক্সি কোট, বাহ্যিক থ্রি এলপিই কোট এবং ন্যূনতম দেড় মিটার গভীরতায় স্থাপন। ৩০ বছর মেয়াদি এই প্রকল্প স্ক্যাডা পরিচালিত কনট্রোল ও অটোমেশন সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।
বাংলাদেশে বিমান জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এটি এক নতুন মাইলফলক। এতে খরচ ও সময় কমার পাশাপাশি নিরাপত্তা এবং দক্ষতা বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।



