গুগলকে বড় লড়াইয়ে ছাড় পেলেও বাজারে পরিবর্তনের নির্দেশ

পর্যটন সংবাদ ডেস্ক: মার্কিন আদালতের সর্বশেষ রায়ে প্রযুক্তি জায়ান্ট গুগল বড় ধাক্কা থেকে রক্ষা পেল। তবে প্রতিষ্ঠানটিকে আর একচেটিয়া ব্যবসায়িক কৌশল চালানো যাবে না এবং প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তথ্য শেয়ার করতে হবে। খবর বিবিসির।

মার্কিন ডিসট্রিক্ট জজ অমিত মেহতা বলেছেন, গুগল ক্রোম বা অ্যান্ড্রয়েড বিক্রি করার চেয়ে প্রতিযোগিতা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া বেশি কার্যকর। আদালতের নির্দেশ অনুযায়ী, গুগল এখন থেকে কোনো একচেটিয়া চুক্তি করতে পারবে না এবং প্রতিদ্বন্দ্বীদের সার্চ-সংক্রান্ত তথ্য ভাগ করতে হবে।

রায়ের পর গুগল নিজেদের জয় হিসেবে বর্ণনা করেছে। প্রতিষ্ঠানটির বক্তব্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে সার্চ সেবা আরও বহুমাত্রিক হয়ে উঠেছে। ব্যবহারকারীরা সহজে তাদের পছন্দমতো সার্চ ইঞ্জিন বা ব্রাউজার বেছে নিতে পারবে।

গুগলের দাবি, তাদের বাজারে আধিপত্য কোনো অনিয়মের কারণে নয়, বরং সার্চ ইঞ্জিনের মান ও ব্যবহারকারীর আস্থার কারণে। তবে আদালতের প্রাথমিক রায়ে গত বছর বলা হয়েছিল, গুগল অন্যায় কৌশলে বাজারে প্রভাব বিস্তার করেছে।

রায়ের প্রভাব বাজারে ইতিমধ্যেই দেখা দিয়েছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার দাম ৮ শতাংশের বেশি বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, অ্যাপল, স্যামসাং ও মটোরোলা এই সিদ্ধান্ত থেকে উপকৃত হতে পারে।

ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের জিন মানস্টার বলেন, “গুগলকে এখন থেকে প্রতিটি নতুন চুক্তি পুনর্বিবেচনা করতে হবে। এটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য ইতিবাচক সংকেত।”

তবে প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন ডাকডাকগো মনে করছে, এই রায় যথেষ্ট নয়। প্রতিষ্ঠানটির সিইও গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ বলেছেন, “ভোক্তাদের সুবিধার জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

মার্কিন অ্যান্টিট্রাস্ট আইন অনুসারে চলতি মাসের শেষেই গুগলকে অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে একচেটিয়া প্রভাব বিস্তারের অভিযোগে আরেকটি মামলায় আদালতে দাঁড়াতে হবে।

Read Previous

দেশে স্বর্ণের দাম টানা চারবার বৃদ্ধি, নতুন রেকর্ড স্থাপন

Read Next

নারী নেতৃত্বে নতুন দৃষ্টান্ত: উদ্যোক্তা ইফাত জেরিনের গল্প

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular