
পর্যটন সংবাদ ডেস্ক: গতকাল মঙ্গলবার ক্ষুধায় ধুঁকতে থাকা গাজায় প্রায় ৫০০ ট্রাক ত্রাণ পৌঁছেছে। ইসরায়েলের সামরিক বাহিনী ও সরকারের সমন্বয়কারী কমিটি কোগাট বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার গাজায় প্রবেশ করা ত্রাণের সবই জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সরবরাহিত। আরও কয়েক শত ট্রাক শিগগিরই প্রবেশের জন্য অপেক্ষমান রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালাচ্ছে। ২২ মাসে নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়ে গেছে। সামরিক অভিযান চালানোর পাশাপাশি খাদ্য, পানি ও ওষুধ সরবরাহও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে ক্ষুধা, অপুষ্টি এবং চিকিৎসার অভাবে হাজার হাজার মানুষ জীবন হারাচ্ছে।
তবে কিছুটা আশার খবর হলো, মঙ্গলবার শুধু খাদ্য নয়, হাসপাতাল চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলও গাজায় পৌঁছেছে। এই তেল সরবরাহ করেছে জাতিসংঘ।
জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজায় প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণের প্রয়োজন, কিন্তু বিমান থেকে যেসব ত্রাণ পৌঁছেছে তার পরিমাণ মাত্র ৬ থেকে ৯ ট্রাক সমান। তাই মানবিক সহায়তা আরও বাড়ানোর প্রয়োজন অত্যন্ত তীব্র।
মানবিক সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় জোর দিচ্ছে গাজায় ত্রাণ প্রবাহ অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের জীবন বাঁচানো জরুরি।



