পর্যটন সংবাদ স্পোর্টস ডেস্ক: ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক খবর নিয়ে হাজির হয়েছে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৬০০০ রান পূর্ণ করেছেন তিনি। লন্ডনের ঐতিহাসিক ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিনে এই অসাধারণ মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ অভিজ্ঞ এই ব্যাটার।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ব্যক্তিগত ২৮ রানে পৌঁছান রুট, যা তার ডব্লিউটিসিতে ৬০০০তম রান হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। প্রথম ইনিংসে করেছিলেন ২৯ রান, ফলে দ্বিতীয় ইনিংসে মাইলফলকে পৌঁছাতে প্রয়োজন ছিল মাত্র ২৫।
এই ম্যাচটি ছিল রুটের ৬৯তম ডব্লিউটিসি টেস্ট। তার এই সংগ্রহে রয়েছে ২০টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি, যেখানে ব্যাটিং গড় ৫২-এর বেশি। ডব্লিউটিসি-তে রানসংখ্যার দিক থেকে তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস ও ট্রাভিস হেড।
এছাড়াও চলমান ভারত-ইংল্যান্ড সিরিজে রুট ছুঁয়েছেন আরও দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ম্যানচেস্টার টেস্টে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের নাম তুলেছেন তিনি, পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে। সেই সঙ্গে কুমার সাঙ্গাকারার ৩৮টি টেস্ট সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ শতরানকারী ব্যাটার।
ওভাল টেস্টে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল বড় লক্ষ্য। রুট করেছেন ১০৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস, যা দলের লড়াইয়ে বড় ভূমিকা রেখেছে। পঞ্চম দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৩৫ রান, হাতে আছে ৪ উইকেট।
ইতিহাস গড়া এই ইনিংস শুধু ইংল্যান্ডের জন্য নয়, ক্রিকেটবিশ্বের জন্যই এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।



