কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের আলটিমেটাম, বাবাকে ডিবির হেফাজতে

পর্যটন সংবাদ ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ (জেআরএ)।

রোববার (১৭ আগস্ট) সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিএমপি কমিশনারকে উদ্দেশ করে বলা হয়, “আর মাত্র ২৬ ঘণ্টা বাকি। আফ্রিদি বাংলাদেশেই আছেন। নাটক নয়, সোজাসাপ্টা গ্রেপ্তার করতে হবে।”

এই আলটিমেটাম নিয়ে এখনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে আজ ঢাকায় মাইটিভির চেয়ারম্যান এবং তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওই মামলায় নাসির উদ্দিন সাথী, তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়েছিল। মামলাটি দায়ের করেন মো. জয়নাল আবেদীন নামের এক ব্যক্তি।

Read Previous

মহাখালীতে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ এক ব্যক্তি বার্ন ইনস্টিটিউটে

Read Next

সাতক্ষীরায় বিদ্যালয়ে সহকারী শিক্ষককে মারধর, জড়িত বিএনপি ও ছাত্রদল নেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular