
পর্যটন সংবাদ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শফিকুর ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, স্থানীয় ছাত্রদল নেতা কামরুজ্জামান সবুজসহ কয়েকজন নেতাকর্মী অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। তারা অফিসকক্ষে ঢুকে শিক্ষক শফিকুর ইসলামের কলার ধরে মারধর শুরু করেন। এরপর তাকে টেনে-হিঁচড়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে আবারো বেধড়ক প্রহার করা হয়।
শিক্ষক শফিকুর ইসলাম অভিযোগ করেন, হামলাকারীরা ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তাকে হুমকি দেয়—স্কুলে এলে হাত-পা ভেঙে দেওয়া হবে কিংবা প্রাণনাশ করা হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, হামলাটি পূর্বপরিকল্পিত বলে মনে হয়েছে। “হঠাৎ করেই তারা স্কুলে ঢুকে শফিকুর স্যারকে আক্রমণ করে টেনে নিয়ে যায়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে তাকে উদ্ধার করেন।”
অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু কোনো মন্তব্য করতে রাজি হননি। আর অভিযুক্ত ছাত্রদল নেতা কামরুজ্জামান সবুজ ফোন ধরেননি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, “ঘটনার লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



