ওয়ালটন হলো আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের রিজিওনাল স্পন্সর

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন যুক্ত হলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ওয়ালটনকে তাদের অফিশিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে ওয়ালটন এখন থেকে মেসি, মার্টিনেজসহ আর্জেন্টিনার তারকা ফুটবলারদের অফিশিয়াল ব্র্যান্ডিং স্বত্ব ব্যবহারের অধিকার পেল।

এক বছরের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ওয়ালটন। ইতোমধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে ওয়ালটনের কারখানা ও পণ্যের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলারদের ভিজ্যুয়াল ব্যবহার করে পার্টনারশিপের বিষয়টি ঘোষণা করা হয়েছে। এএফএর অফিসিয়াল ওয়েবসাইটেও অন্য গ্লোবাল স্পন্সরদের সঙ্গে স্থান পেয়েছে ওয়ালটনের নাম ও লোগো।

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা এবং আবেগ দীর্ঘদিনের। তাই এমন এক জনপ্রিয় দলের সঙ্গে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সম্পৃক্ততা ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এই অংশীদারত্বকে বাংলাদেশের সমর্থকদের জন্য গৌরবের অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, “বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই উৎসব। লাখো সমর্থকের আবেগের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের ব্র্যান্ডকে আরও কাছাকাছি নিয়ে যাবে। শুধু ব্র্যান্ডিং নয়, আর্জেন্টিনার মাধ্যমে বিশ্বের শতাধিক দেশে ওয়ালটনের অবস্থান আরও শক্তিশালী হবে।”

তিনি আরও জানান, ওয়ালটনের লক্ষ্য হলো—বাংলাদেশকে বৈশ্বিক ইলেকট্রনিক্স ও প্রযুক্তি বাজারে একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে প্রতিষ্ঠা করা। ইতোমধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড অপারেশন চলমান। আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে বিস্তার আরও দ্রুত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

খেলায় যেমন আবেগ, তেমনি ব্র্যান্ডিংয়েও এই পার্টনারশিপ বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Read Previous

চট্টগ্রামের সিইপিজেডে আল হামিদ টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ড

Read Next

দেশে ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, ইউজিসির সতর্কতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular