
পর্যটন সংবাদ ডেস্ক : চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানার অন্তর্গত চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় আল হামিদ টেক্সটাইল নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানাটির পাঁচ নম্বর রোডের পাশে অবস্থিত ভবনটিতে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, কারখানাটিতে পাঁচ শতাধিক শ্রমিকের উপস্থিতি ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগের পাশাপাশি কারখানার ভেতরে আটকে পড়াদের বিষয়ে আতঙ্ক তৈরি হয়েছে।



