পর্যটন সংবাদ ডেস্ক: ইসরায়েলি হামলার জবাবে ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তার বক্তব্যকে ঘিরে আসন্ন দোহা সম্মেলনের আগে নতুন আলোচনার জন্ম হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে আল-সুদানি মুসলিম দেশগুলোর কাছে যৌথ সামরিক পদক্ষেপের আহ্বান জানান। তার মতে, গাজা ও কাতারে আক্রমণ এককভাবে প্রতিরোধ করা সম্ভব নয়, এজন্য সমন্বিত শক্তি প্রয়োজন।
দোহায় আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মুসলিম দেশগুলো নিজেদের রক্ষার জন্য যৌথ নিরাপত্তা বাহিনী গঠন করতে পারবে না—এমন কোনো কারণ নেই।” তিনি আরও জানান, রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রেও ইসলামি দেশগুলোর সমন্বিত অংশীদারিত্ব দরকার।
ইরাকের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ইসরায়েলের আগ্রাসন কাতারে থেমে থাকবে না। গাজায় প্রায় দুই বছর ধরে চলা হত্যাযজ্ঞের দিকেও তিনি ইঙ্গিত করেন। এর আগে গত মঙ্গলবার দোহার একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।
কাতার আগামী ১৫–১৬ সেপ্টেম্বর জরুরি আরব-ইসলামিক সম্মেলনের আয়োজন করছে। ওই সম্মেলনে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া এবং দীর্ঘদিন আলোচনায় থাকা যৌথ আরব সামরিক বাহিনী সক্রিয় করার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক দশক আগে মিসর প্রথম এ উদ্যোগের প্রস্তাব দিয়েছিল।
গাজায় চলমান সংঘাতে মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে ৬৪ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।



