
পর্যটন সংবাদ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভ্যুত্থানবিরোধী ভূমিকার অভিযোগে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৯ জন শিক্ষক, ১১ কর্মকর্তা-কর্মচারী এবং ৩১ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ইতিমধ্যে ১৯ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের সময় বিরোধী ভূমিকায় থাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিত করতে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। ওই কমিটির প্রতিবেদনে স্পষ্টভাবে ১৯ জন শিক্ষকের নাম উঠে আসে। এ কারণে তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কারা অবস্থান নিয়েছিল তা অনুসন্ধানের জন্য গত ১৬ মার্চ পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময়সীমা থাকলেও পরে সময় বাড়িয়ে গত ১৩ আগস্ট উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে মোট ৬১ জনকে চিহ্নিত করা হয়েছে।



