গাজায় একদিনে ৪৭ নিহত, অনাহারে আরও ৭ জনের মৃত্যু

পর্যটন সংবাদ ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনেই আরও অন্তত ৪৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে মারা যান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে মোট ৪৭টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ২২৬ জন। এ নিয়ে চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা প্রায় ৬২ হাজারে দাঁড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষ।

এ ছাড়া একই সময়ে খাদ্য সংকট ও অপুষ্টিতে আরও ৭ জন মারা গেছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহার-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮ জনে, এর মধ্যে শিশু ১১০ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে রয়েছে, কিন্তু উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। শুধু মানবিক সহায়তা সংগ্রহের সময়ই গত ২৭ মে থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৯৩৮ জন এবং আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ পরিস্থিতি চলতি বছরের মার্চে আরও ভয়াবহ রূপ নেয়। সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় ২৪ লাখ মানুষের জন্য দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হয়েছে। মার্চ থেকে আগস্টের মধ্যে অন্তত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

Read Previous

ইবি অভ্যুত্থানবিরোধী ভূমিকা: ১৯ শিক্ষকসহ ৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

Read Next

উপদেষ্টা ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন সম্পন্ন, সুস্থতার পথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular