
পর্যটন সংবাদ ডেস্ক: রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্য আল আমিন। এ ঘটনায় যৌথবাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকালে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, “পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় ১০২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কয়েকজন সরাসরি জড়িত। যাচাই-বাছাই চলছে।” তিনি জানান, এলাকায় এখনও যৌথবাহিনীর অভিযান চলছে।
এর আগে সোমবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আদাবর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশ সদস্য আল আমিন ধারালো অস্ত্রের কোপে আহত হন।
তার শরীর ও হাতে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আল আমিন আদাবর থানার গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সংঘর্ষস্থলে পিকআপ চালিয়ে সহকর্মীদের নিয়ে গিয়েছিলেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চালক আল আমিন গাড়ির কাছেই ছিলেন। তখন এক পক্ষ তাকে কুপিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা কোন গ্রুপের তা খতিয়ে দেখা হচ্ছে।



