আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত কেওক্রাডং, বান্দরবানে পর্যটকের ঢল

পর্যটন সংবাদ ডেস্ক: দীর্ঘ আড়াই বছর পর উন্মুক্ত করা হলো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কেওক্রাডং। এতে গত তিন বছরে সর্বোচ্চ পর্যটক সমাগম ঘটেছে বান্দরবানের এই জনপ্রিয় পর্বতসৃঙ্গে। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

স্থানীয়রা জানান, বান্দরবানের রুমায় অবস্থিত কেওক্রাডং দীর্ঘদিন ধরে নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের জন্য বন্ধ ছিল। ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার পর থেকে পর্যটকদের ভিড় বাড়ছে। অ্যাডভেঞ্চারপ্রেমী ভ্রমণপিপাসুরা আবারও নতুন উদ্যমে এই পর্বত চূড়ায় ভ্রমণে ছুটে আসছেন।

রুমা ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সুমন তঞ্চঙ্গ্যা জানান, বুধবার একদিনেই প্রায় ৬৫০ জন পর্যটক কেওক্রাডং ভ্রমণ করেছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৫০০’র বেশি পর্যটক ভ্রমণ করেছেন, যা দিনের শেষে আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম পর্যটন সংবাদকে বলেন, “কেওক্রাডংকে আরও জনপ্রিয় করতে সেখানে বিশ্রামাগার, শৌচাগারসহ নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বোতল ব্যবহার সীমিত করা এবং বগালেকের পরবর্তী এলাকায় পলিথিন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, এতদিন বন্ধ থাকার কারণে ভ্রমণপিপাসুদের মধ্যে কেওক্রাডং নিয়ে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। পুনরায় উন্মুক্ত হওয়ায় এখন থেকে এই এলাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে।

Read Previous

আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক: ডাকসু ভিপি সাদিক

Read Next

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকারদের দখলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular