আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক: ডাকসু ভিপি সাদিক

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের প্রেরণার বাতিঘর হয়ে আছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের কবরস্থানে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আবরার ফাহাদ ২০১৯ সালের ৬ অক্টোবর বাংলাদেশ-ভারত অসম চুক্তি ও পানি আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর ছাত্রলীগের হামলায় নিহত হন। এরপর থেকেই তিনি দেশের ছাত্রসমাজের মধ্যে প্রতিরোধ ও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠেন।

ভিপি সাদিক বলেন,
“শহীদ আবরার ভাই যে প্রতিবাদের পথ দেখিয়েছিলেন, সেটির ভিত্তিতেই জুলাইয়ে বিপ্লব হয়েছে। আবরারের প্রতিবাদ থেকেই প্রতিটি ক্যাম্পাসে গণজাগরণ তৈরি হয়েছিল। তিনি আমাদের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা।”

তিনি আরও জানান, ডাকসুর পক্ষ থেকে ৭ অক্টোবরকে ‘আগ্রাসন বিরোধী দিবস’ হিসেবে ঘোষণা করা হবে। এ দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার জন্য সরকার ও দেশের সব বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সাদিক অভিযোগ করেন, গত ১৬ বছরে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস ও দমন-পীড়নের কারণে শিক্ষার্থীরা তাদের অধিকার হারিয়েছে। এখন সময় এসেছে সেই চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলার।

ডাকসু ভিপি শেষ বক্তব্যে বলেন,
“আমাদের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তা না হলে ইতিহাস কখনও ক্ষমা করবে না।”

Read Previous

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

Read Next

আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত কেওক্রাডং, বান্দরবানে পর্যটকের ঢল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular