২০/০৪/২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২১ মে থেকে আবার উড়বে নভোএয়ার

দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবার আগামী ২১ মে থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে নভোএয়ার।

একি সাথে টিকেটের দামে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে দেশের এই বেসরকারি এয়ারলাইন্স।

গত ২ মে নভোএয়ার ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। পরে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, এটা ‘সাময়িক’।এরপর, বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হল।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামী বুধবার থেকে ফ্লাইট পরিচালনা শুরু করছি।ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে আমাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ছিল। সাময়িক বিরতিকালে আমরা সম্মানিত যাত্রী ও শুভানুধ্যায়ীদের অভূতপূর্ব সমর্থন ও উৎসাহ পেয়েছি।”

তিনি বলেন, “উন্নত যাত্রীসেবায় আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং নিরাপদ ভ্রমণ সেবা প্রদানই আমাদের অগ্রাধিকার। আমরা সবাইকে আবার স্বাগত জানাতে প্রস্তুত।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকেটের দামে ১৫ শতাংশ ছাড়ের অফারটি পেতে যাত্রীদের নভোএয়ার এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রমো কোড অপশনে ‘VQWEBAPP’ লিখে টিকেট কিনতে হবে।

যাত্রীরা বৃহস্পতিবার থেকেই নভোএয়ার-এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, নভোএয়ার সেলস অফিস অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

প্রায় বছর দুয়েক ধরেই শোনা যাচ্ছিল নভোএয়ারের ব্যবসা গুটিয়ে নেওয়ার গুঞ্জন । ২০২৪ সালের জানুয়ারির শেষ দিকে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর ৭২-৫০০ মডেলের এয়ারক্রাফট বিক্রি করে দেয় নভোএয়ার। ১ ফেব্রুয়ারি এয়ারক্রাফট দুটি বুঝে নেয় ইয়েতি এয়ারলাইন্স।

সে সময় বিষয়টি নিয়ে জানতে চাইলে নভোএয়ারের একজন কর্মকর্তা বলেছিলেন, লম্বা রুটের জন্য এয়ারক্রাফট কিনতেই স্বল্প দূরত্বে ওড়ার উপযোগী এটিআরের এয়ারক্রাফটগুলো বিক্রি করে দিচ্ছেন তারা।

সেই দুটি এয়ারক্রাফট বিক্রির পর পাঁচটি এয়ারক্রাফট আছে এখন বেসরকারি এই উড়োজাহাজ সংস্থার বহরে।

২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করেছিল নভোএয়ার। এরপর এক যুগ ধরে এক লাখের বেশি ফ্লাইট চালিয়ে সাড়ে ৭০ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে তারা।

ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন ‘দ্য বাংলাদেশ মনিটর’ এর বিচারে ২০১৪ ও ২০১৯ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’, ২০২২ ও ২০২৩ সালে ‘বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স’ এর পুরস্কার পায় নভোএয়ার।

২০১৬ সালের ডিসেম্বরে ঢাকা-কলকাতা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে নভোএয়ার। ২০২০ সালে কোভিড মহামারীর সময়ে এই রুটে কিছুদিন ফ্লাইট বন্ধ রেখেছিল তারা।

পরে ফের চালু হলেও ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বরে আবারও এই রুটে ফ্লাইট পরিচালনা ‘সাময়িকভাবে’ স্থগিত করে এই উড়োজাহাজ সংস্থা। এখনও সেটি বন্ধই রয়েছে।

Read Previous

কর্মকর্তাদের ১২ দফা দাবিতে বেবিচক চেয়ারম্যানকে স্মারকলিপি

Read Next

আদালতের আদেশে হারুনের শ্বশুরের ১০তলা ভবন ক্রোক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular