সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, মিনায় যাত্রা শুরু করবেন হাজিরা

পবিত্র হজ

ফাইল ছবি

পর্যটন সংবাদ ডেস্ক : আগামী সোমবার (৮ জিলহজ) থেকে পবিত্র হজের প্রধান ধর্মীয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। হজের বিধান অনুসারে তীর্থযাত্রীরা আজ রাত থেকেই মিনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে মিনায় নিরাপদ ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো বাংলাদেশি হজযাত্রীদের মিনায় সুষ্ঠুভাবে পরিবহনের জন্য ইতিমধ্যে সকল ব্যবস্থা গ্রহণ করেছে। শরিয়ত অনুসারে হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

পরদিন মঙ্গলবার (৯ জিলহজ) হাজিরা আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। সেখানে আল-মসজিদ আন-নববীর প্রধান ইমাম শেখ আলী বিন আবদুল রহমান আল-হুদাইফি হজের খুতবা প্রদান করবেন। খুতবার পর যোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করা হবে এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় যাবেন, সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে খোলা আকাশের নিচে রাত কাটাবেন। ১০ জিলহজ সকালে মিনায় ফিরে বড় জামরায় পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। ১১ ও ১২ জিলহজ অবশিষ্ট কার্যক্রম শেষ করে ১২ তারিখ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন হাজিরা।

এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি হজে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে এবার হজ পালন করছেন প্রায় ৭৮,৫০০ জন যাত্রী।

Read Previous

যুক্তরাজ্যের ভিসায় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের নিষেধাজ্ঞা: ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের সতর্কতা

Read Next

ঈদুল আজহায় যাত্রীদের জন্য উপহার ও বিশেষ খাবারের ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular