
পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাই কমিশন রবিবার এক জরুরি সতর্কবার্তা প্রকাশ করে জানিয়েছে, যুক্তরাজ্যের ভিসা আবেদনের সঙ্গে মিথ্যা বা জাল দলিল জমা দিলে আবেদনকারীদের ওপর সর্বোচ্চ ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
হাই কমিশনের যাচাইকৃত ফেসবুক পেজে বাংলায় প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়ায় সঠিক তথ্য এবং প্রকৃত নথিপত্র জমা দেওয়া অত্যন্ত জরুরি। জালিয়াতির আশ্রয় নিলে শুধু আবেদন বাতিল নয়, দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
মিশনটি ভিসাপ্রার্থীদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেছে, যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে সর্বশেষ নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আবেদন করতে। এতে করে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়ানো সম্ভব হবে।
এই সতর্কবার্তাটি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছুক নাগরিকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



