
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন খাতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব মো. শাকাওয়াত হোসেন ‘হু’স হু বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬’-এ ‘প্রফেশনালস’ ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁর দক্ষ নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হয়।
শনিবার ঢাকায় আয়োজিত ‘হু’স হু বাংলাদেশ ২০২৬’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী পুরস্কারটি হস্তান্তর করেন। এবারের আয়োজনে মোট ১২ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য সম্মানিত করা হয়।
কৃষিক্ষেত্রে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মুস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে চলচ্চিত্র অভিনেত্রী ববিতা (মিস ফরিদা আক্তার পপি) এবং আজীবন সম্মাননা পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী শহিদুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিরা এবারের পুরস্কারে ভূষিত হয়েছেন।
শাকাওয়াত হোসেনের নেতৃত্বে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি দেশের আতিথেয়তা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। দ্য ওয়েস্টিন ঢাকা, শেরাটন ঢাকা এবং হানসা প্রিমিয়াম রেসিডেন্সের মতো আন্তর্জাতিক মানের ব্র্যান্ডগুলোর মালিকানায় তাঁর কৌশলগত পরিকল্পনা সেবার মান উন্নয়ন, টেকসই অনুশীলন এবং পর্যটন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় শাকাওয়াত হোসেন বলেন, “এই স্বীকৃতি সম্পূর্ণ আমার দলের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফল। এটি বাংলাদেশের হসপিটালিটি ও পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।”
এর আগেও তিনি সাউথ এশিয়ান ট্র্যাভেল অ্যাওয়ার্ডস, টোব, বিআইএইচএসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে একাধিক সম্মাননা লাভ করেছেন। তিনি একমাত্র বাংলাদেশি হোটেলিয়ার হিসেবে শিল্পোদ্যোক্তা, শিক্ষাবিদ ও গবেষকের ভূমিকায় সক্রিয় রয়েছেন এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন ফেলো।
‘হু’স হু’ বাংলাদেশ অ্যাওয়ার্ড এবার পঞ্চমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এই পুরস্কার দেশের বিভিন্ন খাতে উৎকর্ষতা, নেতৃত্ব ও উদ্ভাবনী অবদানের স্বীকৃতি প্রদান করে।


