
পর্যটন সংবাদ ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে। আগামীতে আরও ২০ থেকে ২৫ হাজার টাকা কমানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী বলেন, এবারের হজযাত্রা বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক। হাজিরা যাতে নিজেদের সর্বস্ব দিয়ে আল্লাহর দরবারে পরিশুদ্ধ হয়ে ফিরতে পারেন, সেজন্য আগামী বছর থেকে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ করা হবে।
তিনি জানান, সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে নুসুক কার্ড ও আইডেন্টিটি কার্ড এখন থেকে বাংলাদেশেই প্রদান করা হচ্ছে। ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়াও দেশেই সম্পন্ন হবে। ফলে সৌদি আরবে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। হাজিরা বিমান থেকে নেমেই সরাসরি নিজেদের গন্তব্যে চলে যেতে পারবেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ কাটার অভিযোগ এখন অতীত। এ ধরনের কোনো ঘটনা আর ঘটবে না। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে। ইতোমধ্যে ১৪টি নতুন বিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং আরও বিমান যুক্ত হবে। এর মাধ্যমে বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
শনিবার সন্ধ্যায় জামালপুরের আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


