১৯/০৪/২০২৬
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা সেন্টার ধাপে ধাপে চালু হবে, ভিসা প্রদান বাড়বে: হাইকমিশনার প্রণয় ভার্মা

পর্যটন সংবাদ ডেস্ক : বাংলাদেশে নতুন রাজনৈতিক সরকার গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ভারতীয় ভিসা সেন্টারগুলো পর্যায়ক্রমে পুনরায় চালু করা হবে। একইসঙ্গে ভিসা প্রদানের হারও ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।

সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় ভিসা সেন্টারগুলো দ্রুত চালু এবং ভিসা ইস্যুর পরিমাণ বাড়ানোর জন্য হাইকমিশনারের কাছে অনুরোধ জানান। জবাবে প্রণয় ভার্মা বলেন, গত দেড় বছরে নিরাপত্তাজনিত কারণে—বিশেষ করে মব হামলা ও অস্থিরতার কারণে—ভিসা সেন্টারগুলো বন্ধ হয়ে যায় এবং ভিসা প্রদানের হার অনেক কমে যায়। তবে বর্তমানে পর্যাপ্ত মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় এবং আইনশৃঙ্খলা উন্নতির দিকে থাকায় নিরাপত্তা নিশ্চিত করে ধাপে ধাপে ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় হাইকমিশনারকে আশ্বস্ত করেন যে, ভারতীয় ভিসা সেন্টারসহ সব ভারতীয় স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এদিকে, ট্যুরিস্ট ভিসাসহ সাধারণ ভিসা কার্যক্রম পুরোপুরি চালু হওয়ার কোনো নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় এটি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

Read Previous

বা না হিলস কেবল কার এশিয়ার সবচেয়ে মনোরম ১১টি রুটের মধ্যে ৫ম স্থানে!

Read Next

যুক্তরাষ্ট্র অভিবাসী ভিসা ইস্যু স্থগিত: বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য বড় ধাক্কা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular