
পর্যটন সংবাদ ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশ্বের ১৮৪টি দেশে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে ইতিহাস গড়া সাহসী নারী নাজমুন নাহারকে বিশেষ সম্মানে ভূষিত করেছে। সংস্থাটি তাঁকে ‘ফ্ল্যাগ লরিয়েট অব ন্যাশনাল প্রাইড’ উপাধিতে ভূষিত করে জাতীয় গর্বের প্রতীক হিসেবে স্বীকৃতি দিয়েছে।
নাজমুন নাহার প্রথম বাংলাদেশি হিসেবে এবং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে এত বিস্তৃত পরিসরে জাতীয় পতাকা নিয়ে বিশ্বভ্রমণ সম্পন্ন করেছেন। তাঁর এই অসাধারণ যাত্রা সাহস, ঐক্য, শান্তি ও পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) কামরুল ইসলাম, হেড অব ডিজিটাল মার্কেটিং মীর তাজমুল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, জাতীয় গর্ব, সাহসিকতা ও বৈশ্বিক দায়িত্ববোধে অনুপ্রাণিত ব্যক্তিত্বদের সম্মান জানানো তাদের নিয়মিত অঙ্গীকার। নাজমুন নাহারের এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শক্তিশালী অনুপ্রেরণা হয়ে থাকবে।
এই স্বীকৃতির মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স নিজেকে জাতীয় গৌরবের সঙ্গে যুক্ত করে আরও একবার প্রমাণ করল যে, তারা শুধু আকাশপথের সেবাই নয়, দেশের গর্বিত সন্তানদের সম্মানেও অগ্রণী ভূমিকা পালন করে।



