
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক : শুক্রবার সকাল ঠিক ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। স্বল্প সময়ের হলেও কম্পনের তীব্রতায় রাজধানীর বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে ঘর-বাড়ি ও অফিস থেকে ছুটে বাইরে বের হয়ে আসে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫ এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী। কম্পন খুব বেশি দীর্ঘস্থায়ী না হলেও হঠাৎ ঝাঁকুনিতে অনেকেরই ভয়ে দিশেহারা হয়ে পড়েন।
ঢাকার বাইরে, দেশের বহু জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। বরিশাল থেকে পাওয়া তথ্যে জানা যায়, স্থানীয় বাসিন্দা রাজীব আহমেদ ভূমিকম্পের সময় একতলায় একটি দোকানে ছিলেন। তিনি বলেন, চারপাশের সবকিছু কাঁপতে শুরু করলে তিনি দ্রুত বাইরে বেরিয়ে যান।
শুধু বাংলাদেশেই নয়, ভূমিকম্পটির প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ভারতেও। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের জেলাগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।
হঠাৎ সৃষ্ট এই ভূকম্পন মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি করলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং যেকোনো ধরনের পরবর্তী কম্পনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
প্রতিবেদক: মুহাম্মদ শফিকুল আশরাফ



