১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত কমপক্ষে ৩০

পর্যটন সংবাদ ডেস্ক : 

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর সুহিলপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে মহাসড়কের উপর টর্চ লাইট জ্বালিয়ে ঘন্টার পর ঘন্টা চলা এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল অনেক দিন ধরে। কয়েক দিন আগে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে বিতর্কের জের ধরে উকিল গোষ্ঠীর সাদ্দাম, আজিজ গোষ্ঠীর আক্তারকে থাপ্পর মারেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। বুধবার বিকেলে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও কোনো ফল মেলেনি। রাত নামতেই দুই গোষ্ঠীর শতাধিক লোকজন টর্চ লাইট জ্বালিয়ে কুমিল্লা–সিলেট মহাসড়কে মুখোমুখি হয়।

সংঘর্ষে উভয় পক্ষের লোকজন টেটা-বল্লমসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা আতঙ্কে কাঁপে। প্রায় তিন ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, আটকে পড়ে বহু যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।

ঘটনার খবর পেয়ে সদর মডেল থানা ও জেলা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে যৌথ বাহিনীর সহায়তায় রাতেই সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, “আজিজ ও উকিল গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আইনগত প্রক্রিয়া চলছে।”

সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উত্তর সুহিলপুরে উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

Read Previous

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা

Read Next

রাজবন বিহার: শান্তির পাহাড়ে বৌদ্ধ ঐতিহ্যের অপার সৌন্দর্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular