১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নির্দেশনা

পর্যটন সংবাদ ডেস্ক : প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। তবে নভেম্বর মাসে ভ্রমণকারীরা কেবল দিনের বেলায়ই দ্বীপে যেতে পারবেন। ডিসেম্বর ও জানুয়ারিতে নির্দিষ্ট শর্তে রাতযাপনের অনুমতি থাকবে। বুধবার (২২ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৩ ধারা অনুযায়ী ২০২৩ সালে প্রণীত ‘সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশবান্ধব পর্যটন নির্দেশিকা’ অনুসারে নতুন এই নিয়ম কার্যকর করা হচ্ছে।

নতুন নির্দেশনার প্রধান দিকগুলো হলো—

  • সেন্টমার্টিনে কোনো নৌযান চলাচলের আগে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে; বিআইডব্লিউটিএ একা অনুমতি দিতে পারবে না।
  • পর্যটকদের অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ভ্রমণ পাস ও কিউআর কোড। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ হিসেবে গণ্য হবে।
  • দ্বীপের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় রাতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি, বা বারবিকিউ পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ।
  • কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ দ্বীপের জীববৈচিত্র্যের কোনো ক্ষতি করলে শাস্তি হবে।
  • সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।
  • পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক (চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, ছোট শ্যাম্পু-প্যাকেট, প্লাস্টিক বোতল ইত্যাদি) বহন নিরুৎসাহিত করা হয়েছে।
  • পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক ব্যবহার করতে বলা হয়েছে, যাতে প্লাস্টিক বর্জ্য কমে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এই নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে হবে।

এতে স্পষ্ট করা হয়েছে, সেন্টমার্টিনে পর্যটন চলবে সীমিত পরিসরে এবং ‘পরিবেশ আগে, বিনোদন পরে’—এই নীতিতে।

Read Previous

যবিপ্রবি’র অবৈধ নিয়োগে কোটি টাকার ক্ষতি: সাবেক ভিসি ও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

Read Next

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত কমপক্ষে ৩০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular