
পর্যটন সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি পণ্য সংরক্ষণ এলাকার এক অংশে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দল এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষও সহায়তায় যুক্ত হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, কার্গো ভিলেজের পাশে অবস্থিত একটি গুদামজাতকরণ এলাকায় আগুন লাগে। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আগুন বিমানবন্দরের মূল কার্যক্রমে ছড়িয়ে পড়েনি।
তিনি জানান, আগুনের ঘটনায় ফ্লাইট চলাচলে কোনও ধরনের বিঘ্ন ঘটেনি, সব ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর প্রাথমিক ধারণা জানাতে পারবেন বলে জানিয়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।



