
পর্যটন সংবাদ ডেস্ক : ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মিলে এবার মোট ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ১২ শতাংশ। বুধবার (১৬ অক্টোবর) ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফলাফলের এ তথ্য তুলে ধরেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।
তথ্য অনুযায়ী, ছাত্রদের মধ্যে পাসের হার ৫২ দশমিক ১৭ শতাংশ হলেও ছাত্রীদের পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো, যেখানে তাদের পাসের হার ৬১ দশমিক ৪৫ শতাংশ। বোর্ড প্রতিনিধিরা জানান, মেয়েদের ধারাবাহিক সাফল্য এ বছরও বজায় রয়েছে। অন্যদিকে, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সাধারণ শিক্ষাবোর্ডে ৬৩ হাজার ২১৯ জন জিপিএ–৫ অর্জন করেছে। এছাড়া মাদরাসা বোর্ডে ৪ হাজার ২৬৮ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়েছে।
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬০৮টি কেন্দ্রে ৪ হাজার ৭৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ ভাগ করে নিচ্ছেন, আবার কেউ কেউ নিজেদের ফলাফল বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রস্তুতির পরিকল্পনা করছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ফলাফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের নতুন দ্বার উন্মোচন করবে।



