
পর্যটন সংবাদ ডেস্ক: আংশিক রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ নীতি সহায়তা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে বন্ড লাইসেন্স ছাড়াই নির্ধারিত শর্ত মেনে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করতে পারবে এসব প্রতিষ্ঠান।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে চলতি মাসের ২৫ সেপ্টেম্বর। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে এনবিআরের জনসংযোগ দপ্তর।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অনেক রপ্তানিমুখী প্রতিষ্ঠান নানা কারণে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স নিতে পারে না। তাদের সহায়তার জন্যই এ সুযোগ দেওয়া হলো। এখন থেকে তারা আমদানিকৃত কাঁচামালের শুল্ক ও কর নগদ পরিশোধের পরিবর্তে সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি জমা দিলেই শুল্কমুক্ত সুবিধা পাবেন।
এনবিআর আশা করছে, এ পদক্ষেপে শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন সক্ষমতা পূর্ণমাত্রায় কাজে লাগাতে পারবে। এতে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং সামগ্রিক রপ্তানি খাতে গতি আসবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি রপ্তানিকারক প্রতিষ্ঠানের জন্য স্বস্তির খবর। কারণ বন্ড লাইসেন্স প্রাপ্তি ও ব্যবস্থাপনা প্রক্রিয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল, যা এ নীতি সহায়তার মাধ্যমে অনেকটাই সহজ হবে।
তবে এনবিআর জানিয়েছে, ব্যাংক গ্যারান্টির বিপরীতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বন্ড ব্যবস্থাপনার অন্যান্য নিয়ম ও শর্ত যথারীতি প্রযোজ্য থাকবে।



