
পর্যটন সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে চট্টগ্রামে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) র্যাব নগরের জে এম সেন হল, দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের ভৈরব বাড়ি প্রাঙ্গণ ও মহাজনঘাটাসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় র্যাব কর্মকর্তারা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জে এম সেন হলের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, ২৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় বিশেষ চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এবং নগরের প্রায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন চেকপোস্ট বসানো হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পূজামণ্ডপ ঘিরে র্যাবের সার্বক্ষণিক নজরদারি থাকবে। গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে টিম কাজ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে আলাদা একটি ইউনিট নিয়োজিত রয়েছে।
র্যাব কর্তৃপক্ষ আশা করছে, এই নিরাপত্তা ব্যবস্থার ফলে চট্টগ্রামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন সম্ভব হবে।



