দুর্বল পাঁচ ব্যাংকে প্রশাসক নিয়োগে নাম চূড়ান্ত

পর্যটন সংবাদ ডেস্ক: একীভূত হতে যাওয়া শরিয়াহভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকে প্রশাসক বসানো হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে এক্সিম ব্যাংকের প্রশাসক হিসেবে। নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার থাকবেন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক আর নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন যাবেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আবুল হাসেমকে ইউনিয়ন ব্যাংক এবং পরিচালক মকসুদুল আলমকে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আইনি জটিলতা এড়াতে প্রয়োজনীয় বৈঠকের পর আগামী মাসের শুরুতেই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্র।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংকগুলো চরম বিপর্যয়ের মুখে পড়ে। বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে যাওয়ায় তারা গ্রাহকের আমানত ফেরত দিতেও হিমশিম খাচ্ছিল। এ অবস্থায় গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে এবং ব্যাংক খাতের ঝুঁকি কমাতে কেন্দ্রীয় ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয়।

গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় পাঁচ ব্যাংককে একত্রিত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়। প্রথম ধাপে প্রশাসক বসানো হচ্ছে, এরপর একীভূত প্রক্রিয়া শুরু হবে।

প্রাথমিক হিসেবে, এই একীভূতকরণে খরচ ধরা হয়েছে ৩৫ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে সরকার বহন করবে ২০ হাজার ২০০ কোটি টাকা।

Read Previous

ঋণ জালিয়াতিতে পিকে হালদারসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

Read Next

রাঙামাটিতে আইন-শৃঙ্খলা সভা: উৎসবের আগে সম্প্রীতি রক্ষায় ঐক্যের অঙ্গীকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular