
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক: সাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এর কারণে বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত আবহাওয়ার বুলেটিনে জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলবর্তী এলাকায় নতুন এই লঘুচাপটি অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।
এ লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা একদিনের মধ্যেই গুরুত্ব হারায়।



