
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যার সমাধান করতে এক নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ ‘আমাদের লাল বাস’, যার মাধ্যমে শিক্ষার্থীরা রিয়েল-টাইমে বাসের অবস্থান জানতে পারবেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় নবনির্বাচিত সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং ছাত্র পরিবহন সম্পাদকসহ রুটভিত্তিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তা, শাটল সার্ভিস চালু করা, রিকশা ভাড়া নিয়ন্ত্রণ ও অন্যান্য পরিবহন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, “বাস ট্র্যাকিং অ্যাপ চালুর বিষয়টি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল। আজ তার সফল পরীক্ষামূলক উদ্বোধন করতে পেরেছি। খুব শিগগিরই সব রুটে এই সুবিধা চালু হবে।”
বিভিন্ন রুটের প্রতিনিধি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন প্রযুক্তি চালু হলে শিক্ষার্থীদের পরিবহন সংক্রান্ত হয়রানি কমবে এবং অন্যান্য সমস্যার সমাধানেও এটি সহায়ক হবে।
ডাকসু আশ্বাস দিয়েছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন যাতে শিক্ষার্থীরা সময় ও ভোগান্তি কমিয়ে আরও সুবিধাজনকভাবে যাতায়াত করতে পারেন।



