বাংলাদেশের রপ্তানি প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসে অংশগ্রহণ করল

পর্যটন সংবাদ ডেস্ক: বিশ্বের বৃহত্তম হালাল প্রদর্শনী হিসেবে পরিচিত মালয়েশিয়ার “মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস”-এর ২১তম আসরে অংশগ্রহণ করেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের সমন্বয়ে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই চার দিনব্যাপী মেলা ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এবারের মেলায় খাদ্য ও পানীয়, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, গৃহস্থালি ও ব্যক্তিগত যত্ন, প্রসাধন সামগ্রী এবং তৈরি পোশাকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে। গ্লোবাল ক্যাপসুলস লিমিটেড, গোল্ডেন প্লাস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, এপেক্স কনভিনিয়েন্স ফুডস লিমিটেড, কে. এম. আর ক্রাফ্ট, রিমার্ক এইচবি লিমিটেড, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড, এমএনএল ডিজাইনার জোন, গর্জিয়াস উইথ ট্রেন্ড ও নওরিস ফুডস লিমিটেড মেলায় অংশগ্রহণ করেছে।

মেলার উদ্বোধনী দিনে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন ইপিবির মহাপরিচালক বেবী রানি কর্মকার এবং হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ রেহান উদ্দিন, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (মেট্রেড) এর সিনিয়র পরিচালক এস. জয়শংকর, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সাব্বির এ খানসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে অতিথিরা মেলা ও বাংলাদেশি স্টল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মালয়েশিয়ায় তাদের পণ্যের বাজার সম্প্রসারণে পরামর্শ দেন।

ইপিবির মহাপরিচালক বলেন, “বাংলাদেশ তৃতীয়বারের মতো এই মেলায় অংশগ্রহণ করছে। আমাদের লক্ষ্য বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদাকে মাথায় রেখে মালয়েশিয়া ও এশিয়ায় বাজার সম্প্রসারণ করা এবং ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠানকে এই ধরনের মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।”

ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা ব্যবসায়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, হাইকমিশন তাদের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে। তিনি হালাল সেক্টরের উন্নয়ন, যৌথ প্রকল্প গ্রহণ এবং হালাল করিডোর ও হাব প্রতিষ্ঠার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশি প্রস্তাবের বিষয়টি উল্লেখ করেন।

মেলায় মোট ১৪টি ক্লাস্টারে ২৩৮০টি বুথের মাধ্যমে বিশ্বের ৩৯টি দেশের ১০১৯টি কোম্পানি অংশগ্রহণ করছে। মালয়েশিয়ার মন্ত্রণালয় ও মেট্রেড এই মেলার আয়োজন করছে, সহযোগী হিসেবে রয়েছে হালাল ডেভেলপমেন্ট করপোরেশন বারাহাদ (এইচডিসি) ও ডিপার্টমেন্ট অব ইসলামিক ডেভেলপমেন্ট মালয়েশিয়া।

বাংলাদেশি পণ্যগুলোকে আন্তর্জাতিক হালাল বাজারে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করা এবং নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করা এ মেলার মূল উদ্দেশ্য।

Read Previous

ঢাবিতে শিক্ষার্থীদের সুবিধার জন্য চালু হলো ‘আমাদের লাল বাস’ ট্র্যাকিং অ্যাপ

Read Next

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন বিশ্বের ২৩টি মাদক উৎপাদক দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular