
ফাইল ছবি: বাংলাদেশ বিমান
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটে চমকপ্রদ এক ঘটনার সৃষ্টি হয়েছে। ভুলবশত মায়ের পাসপোর্ট নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছে বিপাকে পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেদ্দা ইমিগ্রেশনে পাসপোর্ট দেখানোর সময় বিষয়টি ধরা পড়ে। ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং কিছু সময় আটকে রাখেন। পরবর্তীতে বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের জিম্মায় তাকে হোটেলে নেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাসমিন বোসরা ইসলাম গণমাধ্যমকে জানান, ক্যাপ্টেন মুনতাসির ভুল করে তার মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাইটে ওঠেন। জেদ্দায় পৌঁছে বিষয়টি টের পান তিনি। বুধবারের ফ্লাইটে তার নিজস্ব পাসপোর্ট পাঠানো হয়েছে এবং বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন।
এর আগে একই ধরনের ঘটনা ঘটে ২০২৩ সালে। বিমানের আরেক পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ পাসপোর্ট ছাড়াই কাতারের দোহায় গিয়ে বিপাকে পড়েছিলেন। পরে বাংলাদেশ থেকে পাসপোর্ট পাঠানো হলে তিনি দেশে ফেরেন।
ঘটনা দুটি নিয়ে বিমান বাংলাদেশের নিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



