
পর্যটন সংবাদ ডেস্ক: বিশেষজ্ঞরা জুলাই সনদের মূল সংস্কারগুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তারা সুপারিশ করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে সেই আদেশকে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়া হোক।
জাতীয় ঐকমত্য কমিশন বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় ধাপের সংলাপে এই প্রস্তাব উত্থাপন করে। কমিশন গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে এবং জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়নের পথনির্দেশনা নেয়।
বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ২০২৫-এর মূল সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে একটি ‘সংবিধান আদেশ’ জারি করতে পারে, যা কার্যকর হবে সঙ্গে সঙ্গেই। একই সঙ্গে তারা বলেন, এই আদেশকে আগামী সাধারণ নির্বাচনের দিনে গণভোটের মাধ্যমে প্রমাণীকরণ করা যেতে পারে। গণভোটে যদি জনগণ অনুমোদন দেয়, তবে সেই সাংবিধানিক আদেশ তাত্ক্ষণিকভাবে বৈধ হবে।
এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের সংবিধান সংস্কারে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে।



