১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলন: তিনটি মামলায় সাবেক আইনমন্ত্রী ও নেতাদের গ্রেফতার

পর্যটন সংবাদ ডেস্ক:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার মামলায় তিনটি পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সহ আট জনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশি আবেদনের ভিত্তিতে তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। গ্রেফতার দেখানো আসামিদের মধ্যে রয়েছেন মো. আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক এমপি সায়েদুল হক সুমন, কাজী মনিরুল ইসলাম মনু এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

তিনটি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার রিয়াজ হত্যা মামলায় আনিসুল হক, আমু, আব্দুর রাজ্জাক, মেনন, ইনু, সুমন ও মনুকে গ্রেফতার দেখানো হয়েছে। জুবাইদ ইসলাম হত্যা মামলায় মনু এবং নাঈম হাসান নিলয় হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোডে আন্দোলনের সময় মো. রিয়াজ গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতের বোন ফারজানা বেগম ২২ জুলাই হত্যা মামলা করেন।
অন্যদিকে, ১৯ জুলাই ভাটারার ১০০ ফিট নতুন বাজারের ফরাজী হাসপাতালের সামনে নাঈম হাসান নিলয়সহ মিছিলে হামলার ঘটনা ঘটে। দীর্ঘ চিকিৎসার পর নিলয় ১৪ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীসহ ৭৬ জনকে আসামি করে মামলা করেন।
এছাড়াও, ২০ জুলাই যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেওয়া জুবাইদ ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। ২৩ ফেব্রুয়ারি এই ঘটনার মামলা দায়ের করা হয়।

আদালত ও পুলিশি সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে গ্রেফতার আবেদন করলে তা মঞ্জুর করা হয়েছে।

Read Previous

ট্রাম্পের ব্রিটেন সফর: উইন্ডসর, লন্ডন ও বিনিয়োগের সঙ্গে পর্যটন আকর্ষণও জাগ্রত

Read Next

জুলাই সনদ: বিশেষজ্ঞরা সুপারিশ করলেন সাংবিধানিক আদেশে বাস্তবায়ন ও গণভোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular