
পর্যটন সংবাদ ডেস্ক: বিভিন্ন অভিযোগ আর বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবার ছিল নজিরবিহীন নিরাপত্তা। ক্যাম্পাসজুড়ে মোতায়েন করা হয় ১ হাজার ৫৩৪ জন পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি ও ৫ প্লাটুন আনসার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতর ও আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান লক্ষ্য করা যায়।
ভোটকেন্দ্র ঘিরে নিয়ন্ত্রিত চলাচল নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটগুলো আগের দিন সন্ধ্যা থেকেই বন্ধ করে দেওয়া হয়। খোলা রাখা হয় শুধু মীর মশররফ হোসেন হল সংলগ্ন গেট ও প্রান্তিক গেট। ক্যাম্পাসে ভাসমান দোকান, টারজান পয়েন্ট, মুরাদ চত্বর, প্রধান গেট সংলগ্ন দোকানসহ একাধিক জায়গার দোকানপাট বন্ধ রাখা হয়। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে হলে ক্যান্টিন খোলা রাখা হয় এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হয়।
এ ছাড়া নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল চলাচলও সীমিত করা হয়। কেবল জরুরি বিভাগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পায়।
দীর্ঘ সময় পর হওয়া এ নির্বাচনে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ, যদিও অনিয়মের অভিযোগও উঠেছে বিভিন্ন পক্ষ থেকে।



