২০/০৬/২০২৬
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে ছাত্রদল সমর্থিত প্যানেলের বর্জন

পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। এ সময় ভিপি প্রার্থী শেখ সাদী হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তানজিলা বৈশাখী অভিযোগ করেন, তাজউদ্দীন হলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে, ভোটার তালিকায় ছবি ছিল না, কয়েকটি হলে জোরপূর্বক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তিনি দাবি করেন, মেয়েদের হলে একই শিক্ষার্থীকে বারবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং শিবিরপন্থী সাংবাদিকরা ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন।

তিনি বলেন, “এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে। জামায়াতপন্থী প্রতিষ্ঠানের সরবরাহকৃত ব্যালট ব্যবহার করা হচ্ছে। এমনকি ১০ থেকে ২০ শতাংশ ব্যালট শিবিরকে দেওয়া হয়েছে কিনা সেটাও প্রশ্ন।”

এ পরিস্থিতিকে “কারচুপি ও প্রহসনের নির্বাচন” আখ্যা দিয়ে বৈশাখী জানান, শিক্ষার্থীদের প্রকৃত রায় প্রতিফলিত না হওয়ায় তারা বাধ্য হয়ে নির্বাচন বর্জন করছেন।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোট চলছে। কয়েকটি ব্যতিক্রম বাদে বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে লড়ছেন মোট ১৭৭ জন প্রার্থী।

Read Previous

কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ

Read Next

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কঠোর নিরাপত্তায় জাকসু ও হল সংসদ নির্বাচন সম্পন্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular